রাজধানীর লালমাটিয়া থেকে এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে লালমাটিয়ার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিবির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর আজিজুল ইসলামকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হন আজিজুল ইসলাম। ওই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে পরাজিত করেন তিনি।
রাজনৈতিক জীবনের শুরুতে আজিজুল ইসলাম কেশবপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তিনি যশোর জেলা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। কেশবপুরের প্রয়াত সাবেক সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের ঘনিষ্ঠ হিসেবে তিনি পরিচিত ছিলেন।