৩০ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

২০৩৩ সালের মধ্যে ১০ লাখ কর্মসংস্থান চায় বেসিস সংস্কার পরিষদ

সরকারি নাগরিক সেবা ও দাপ্তরিক কার্যক্রম শতভাগ ডিজিটাল করার রোডম্যাপ প্রণয়নের আহ্বান; আওয়ামী লীগের বিচার, আইসিটি খাতে স্বচ্ছতা ও বেসিসের গঠনতন্ত্র সংস্কারসহ ১০ দফা সুপারিশ।

২০৩৩ সালের মধ্যে ১০ লাখ কর্মসংস্থান চায় বেসিস সংস্কার পরিষদ

জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ২০৩৩ সালের মধ্যে ডিজিটাল রূপান্তর ও আইসিটি খাতে কর্মসংস্থান সৃষ্টিসহ ১০ দফা সুপারিশ তুলে ধরে বেসিস সংস্কার পরিষদ। ছবি: দৈনিক বার্তাক্ষণ

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১১ এএম

২০৩৩ সালের মধ্যে সরকারি নাগরিক সেবা ও দাপ্তরিক কার্যক্রমের শতভাগ ডিজিটাল রূপান্তরের মাধ্যমে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতে অন্তত ১০ লাখ মানসম্মত কর্মসংস্থান সৃষ্টির দাবি জানিয়েছে বেসিস সংস্কার পরিষদ। এ লক্ষ্যে ২০২৭ থেকে ২০৩৩ সাল পর্যন্ত সাত বছর মেয়াদি জাতীয় ডিজিটাল ট্রান্সফরমেশন রোডম্যাপ প্রণয়ন ও বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে সংগঠনটি। একই সঙ্গে আইসিটি খাতে স্বচ্ছতা, জাতীয় ডিজিটাল অবকাঠামোর নিরাপত্তা এবং বেসিসের গঠনতন্ত্র সংস্কারসহ ১০ দফা সুপারিশ তুলে ধরেছে তারা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি ও সুপারিশ উপস্থাপন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বেসিস সংস্কার পরিষদের উপদেষ্টা ও বেসিস সহায়ক কমিটির সাবেক কো-চেয়ারম্যান প্রকৌশলী মো. মিজানুর রহমান।

সংবাদ সম্মেলনে পরিষদের পক্ষ থেকে তিনটি মূল দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার ঘটনায় জড়িতদের নিরপেক্ষ তদন্ত ও বিচার, দল হিসেবে আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করা এবং জাতীয় আইসিটি অবকাঠামো ও ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।

আইসিটি খাতের অতীত কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করে পরিষদের নেতারা অভিযোগ করেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সরকারি প্রকল্পে অনিয়ম, অর্থ আত্মসাৎ ও অর্থ পাচারের ঘটনা ঘটেছে। লাইসেন্স প্রদান, হাইটেক পার্ক নির্মাণ, ব্যান্ডউইথ ক্রয় এবং বিভিন্ন প্রযুক্তি প্রকল্প বাস্তবায়নেও অনিয়মের অভিযোগ তোলেন তাঁরা।

তাঁদের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পরও আগের সরকারের সময়ে সরকারি আইসিটি প্রকল্পে কাজ পাওয়া কিছু প্রতিষ্ঠান একই ধরনের সুযোগ পাচ্ছে। এ পরিস্থিতি পরিবর্তনে সরকারি প্রকল্পে উন্মুক্ত প্রতিযোগিতা, স্বচ্ছ দরপত্র প্রক্রিয়া, জবাবদিহি এবং সাইবার নিরাপত্তা নিরীক্ষা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

জাতীয় ডিজিটাল নিরাপত্তার বিষয়েও গুরুত্ব দিয়েছে সংগঠনটি। তাদের মতে, জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন, ভূমি রেকর্ড ও সরকারি ডেটাবেজের মতো গুরুত্বপূর্ণ তথ্যভান্ডারের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এসব অবকাঠামোর সংবেদনশীল কার্যক্রমে যুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভূমিকা যাচাই এবং অনিয়মের প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে পরিষদ।

কর্মসংস্থান সৃষ্টির প্রস্তাব তুলে ধরে পরিষদের নেতারা বলেন, দেশের তরুণ জনগোষ্ঠীর জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে আইসিটি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিবছর বিশ্ববিদ্যালয় থেকে প্রায় সাড়ে সাত লাখ গ্র্যাজুয়েট বের হচ্ছেন। এই বিপুলসংখ্যক তরুণের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকারি সেবার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের ডিজিটাল রূপান্তরেও গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

প্রস্তাবিত রোডম্যাপের আওতায় সরকারি নাগরিক সেবা ও দাপ্তরিক কার্যক্রম সম্পূর্ণ ডিজিটাল করার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনায় উৎসাহিত করতে বিশেষ প্রণোদনা দেওয়ার সুপারিশ করা হয়েছে। পরিষদের প্রত্যাশা, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি আইসিটি খাতে অন্তত ১০ লাখ মানসম্মত কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

বেসিসের অভ্যন্তরীণ সংস্কারের বিষয়টিও সংবাদ সম্মেলনে গুরুত্ব পায়। পরিষদের অভিযোগ, সংগঠনটির গঠনতন্ত্রের অস্পষ্টতার সুযোগে প্রকৃত সফটওয়্যার নির্মাতা ও সেবাদানকারী প্রতিষ্ঠানের বাইরে অন্য কিছু প্রতিষ্ঠান সদস্যপদ পেয়েছে। এ কারণে সদস্য ও ভোটার তালিকা যাচাই-বাছাই করে প্রকৃত সদস্যদের অংশগ্রহণে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়।

সংগঠনটির ১০ দফা সুপারিশের মধ্যে আরও রয়েছে শিল্পাঞ্চল ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা, গুজব প্রতিরোধে কার্যকর ডিজিটাল যোগাযোগব্যবস্থা গড়ে তোলা, প্রশাসনে নিরপেক্ষতা ও জবাবদিহি প্রতিষ্ঠা, সরকারি আইসিটি প্রকল্পে দেশীয় প্রতিষ্ঠানের অংশগ্রহণ বাড়ানো এবং বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজের ক্ষেত্রে প্রযুক্তি হস্তান্তর নিশ্চিত করা। পাশাপাশি আইসিটি খাতে দক্ষ জনবল নিয়োগ ও প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রস্তাবও রয়েছে।

সংবাদ সম্মেলনে পরিষদের উপদেষ্টা রওশান কামাল জেমস, আহ্বায়ক প্রকৌশলী রোকমুনুর জামান রনি, যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী আবু তাহের এবং সদস্যসচিব নাদিম হৃদয়সহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

দাবি ও সুপারিশ বাস্তবায়নে সরকারের সহযোগিতা চেয়েছে বেসিস সংস্কার পরিষদ। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছে সংগঠনটি।