৩০ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

ভোজ্যতেলের বাজারে নতুন মূল্য সমন্বয়

সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল, ৫ লিটারে ১৫ টাকা

বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৭ টাকা, খোলা তেল ১৮৮ টাকা; অপরিবর্তিত রয়েছে পাম তেলের দাম।

সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল, ৫ লিটারে ১৫ টাকা

দেশের বাজারে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়ানো হয়েছে। ছবি: সংগৃহীত

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পিএম

দেশের বাজারে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১৫ টাকা বাড়িয়ে ১ হাজার ১৫ টাকা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত সভায় এ মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় এবং দেশের সার্বিক সরবরাহ পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়।

নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা করা হয়েছে। খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১ হাজার টাকা থেকে বেড়ে ১ হাজার ১৫ টাকা হয়েছে। তবে খোলা পাম তেলের দাম লিটারপ্রতি ১৬৬ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের পক্ষ থেকে দেশে ভোজ্যতেলের মজুত পরিস্থিতি, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারদর, ঋণপত্র (এলসি) খোলা এবং আমদানির সামগ্রিক চিত্র তুলে ধরে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। ওই প্রতিবেদনের তথ্য এবং বৈশ্বিক ও অভ্যন্তরীণ বাজার পরিস্থিতি পর্যালোচনা করে মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা জানান, সর্বশেষ গত ২ সেপ্টেম্বর ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছিল। এরপর আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের দাম বাড়লেও দেশের বাজারে মূল্য সমন্বয় না হওয়ায় ভোজ্যতেল আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়ছিল।

আসন্ন রমজানকে সামনে রেখে দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক বাজারদর এবং বর্তমান আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম পুনর্নির্ধারণের দাবি জানায় ব্যবসায়ী সংগঠনটি।

এদিকে, বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুত এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি রোধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) খাদিজা নাজনীনসহ সংশ্লিষ্ট সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।