৩০ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

নারীর নানা মাত্রিক আবাসন সংকট

নারীর নানা মাত্রিক আবাসন সংকট

মোনছেফা তৃপ্তি। ছবি: সংগৃহীত

Published : ০৫ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পিএম

সানজিদা খান রিবা, ছদ্মনাম। বয়স ২৬। বাংলাদেশের একটি নামকরা এয়ারলাইনসে কর্মরত। কাজের প্রয়োজনে তাকে ভোরেই ঘর থেকে বের হতে হয়। প্রতিদিনের মতো একদিনও সকাল পাঁচটার দিকে তাকে নিতে আসে অফিসের গাড়ি। নির্দিষ্ট পেশাগত পোশাক পরে তিনি বাড়ি থেকে বের হচ্ছিলেন। কিন্তু একদিন বাড়িওয়ালা তাকে জানিয়ে দিলেন- এই বাসায় আর থাকা যাবে না, বাসা বদলাতে হবে।

অপরাধ? আপাতদৃষ্টিতে খুবই সাধারণ। ভোরে অফিসে যাওয়ার সময় তিনি বাড়ির বাইরে বের হন। ঠিক সেই সময় বাড়িওয়ালা নামাজ শেষে বাসায় ফেরেন। একজন কর্মজীবী নারীর পেশাগত পোশাক, ভোরে কর্মস্থলের উদ্দেশে বের হওয়া এবং বাড়িওয়ালার ব্যক্তিগত মূল্যবোধ ও সামাজিক দৃষ্টিভঙ্গির এই সংঘাত শেষ পর্যন্ত গিয়ে দাঁড়াল একটি নারীর আবাসন হারানোর নির্দেশে।

ঘটনাটি হয়তো বিচ্ছিন্ন। কিন্তু এর ভেতর দিয়ে নারীর আবাসন সংকটের গভীর বাস্তবতাকে অস্বীকার করার সুযোগ নেই। একজন নারী নিজের আয় দিয়ে একটি বাসা ভাড়া নিয়ে থাকলেও, সেই বাসায় থাকার অধিকার সবসময় তার আর্থিক সক্ষমতার ওপর নির্ভর করে না; কখনো কখনো তা নির্ভর করে বাড়িওয়ালার সামাজিক ধারণা, ব্যক্তিগত পছন্দ এবং একজন ‘গ্রহণযোগ্য নারী’ সম্পর্কে তার নিজস্ব সংজ্ঞার ওপর।

 
 
 

আজ বিশ্ব বসতি দিবস। এই দিনে আবাসন নিয়ে প্রচলিত ধারণাটিকে একটু ভিন্নভাবে দেখার প্রয়োজন আছে। আবাসনকে আমরা এখনও অনেকাংশে স্থাপনা ও সংখ্যার হিসাবেই দেখি।কতটি ঘর নির্মিত হলো, কতটি পরিবার পুনর্বাসিত হলো, কতটি বস্তি উচ্ছেদ করে বহুতল ভবন নির্মিত হলো। কিন্তু একটি বসতি মানুষের জন্য কতটা নিরাপদ, মর্যাদাপূর্ণ ও বাসযোগ্য সেই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ।

 
 

আমরা সাধারণত আবাসন সংকট বলতে বুঝি গৃহহীনতা, বস্তিবাস, বাড়িভাড়ার ঊর্ধ্বগতি কিংবা পর্যাপ্ত বাসস্থানের অভাব। কিন্তু নারীর ক্ষেত্রে সংকটের চেহারা আরও জটিল। একজন নারীর মাথার ওপর ছাদ থাকতে পারে, অথচ সেই ঘরে তার নিরাপত্তা নাও থাকতে পারে। থাকার জায়গা থাকতে পারে, অথচ ব্যক্তিগত গোপনীয়তা ও স্বাধীনতা নাও থাকতে পারে। নিজের আয় দিয়ে ভাড়া দেওয়ার সক্ষমতা থাকতে পারে, অথচ অবিবাহিত বা একা থাকার কারণে বাড়ি ভাড়া নাও মিলতে পারে। এমনকি একটি বাসায় বসবাসের অনুমতিও কখনো কখনো নির্ভর করতে পারে তার পোশাক, চলাফেরার সময়, অতিথি কিংবা ব্যক্তিগত জীবন সম্পর্কে বাড়িওয়ালার ধারণার ওপর।

 

অর্থাৎ নারীর আবাসন সংকট সবসময় ঘরের অভাব নয়; অনেক সময় নিজের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী একটি ঘরে নিরাপদে, স্বাধীনভাবে এবং মর্যাদার সঙ্গে থাকার অধিকার না থাকা।

ছাত্রীজীবনেই এই সংকট শুরু হয়। উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগের জন্য অসংখ্য নারীকে নিজ জেলা ছেড়ে শহরে আসতে হয়। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক হোস্টেলে সবার জায়গা হয় না। ফলে নির্ভর করতে হয় মেস, প্রাইভেট হোস্টেল কিংবা সাবলেটের ওপর। সেখানে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার, অপর্যাপ্ত পানি ও স্যানিটেশন, পরিচ্ছন্নতার অভাব, গাদাগাদি করে থাকা, ব্যক্তিগত পরিসরের সংকট-এসবের সঙ্গে যুক্ত হয় নানা ধরনের বিধিনিষেধ।

কখন ফিরতে হবে, কখন বাইরে যাওয়া যাবে, কে অতিথি হিসেবে আসতে পারবেন-এসব বিধিনিষেধের মধ্য দিয়ে হোস্টেল ও মেসে বসবাসকারী অনেক নারীকে প্রতিনিয়ত নিজের স্বাধীনতার সঙ্গে আপস করতে হয়। এর সঙ্গে অপ্রতুল হোস্টেল, ব্যয়বহুল ও অনিয়ন্ত্রিত প্রাইভেট মেস, নিরাপত্তাহীনতা এবং উচ্ছেদের আশঙ্কা তাদের আবাসন সংকটকে আরও জটিল করে তোলে।

নারীদের মধ্যে সচেতনতা বাড়ছে, স্বাধীনভাবে জীবন পরিচালনার আকাঙ্ক্ষা ও আত্মনির্ভরশীলতা বাড়ছে; একই সঙ্গে নিজের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাও তৈরি হচ্ছে। উচ্চশিক্ষা ও বিভিন্ন পেশায় নারীর অংশগ্রহণ বাড়ার পাশাপাশি বিবাহবিচ্ছেদ, আলাদা থাকা কিংবা এককভাবে সন্তান লালন-পালনের কারণে অনেক নারী ও সিঙ্গেল মাদারকেও নিজস্ব আবাসনের প্রয়োজন হচ্ছে। কিন্তু নারীর বদলে যাওয়া এই বাস্তবতার সঙ্গে আমাদের সামাজিক মানসিকতা ও আবাসনব্যবস্থা এখনও পুরোপুরি তাল মেলাতে পারেনি। ফলে স্বাধীনভাবে বাঁচতে চাওয়া কিংবা সন্তান নিয়ে নিরাপদে থাকতে চাওয়া নারীদের জন্য আবাসন সংকট নতুন মাত্রা পাচ্ছে।

একজন নারী যখন নিজে উপার্জন করে নিজের প্রয়োজন অনুযায়ী একটি বাসা ভাড়া নিয়ে থাকতে চান, তখন সমাজ কি তাকে সেই স্বাধীনতা দিচ্ছে?

উত্তর হচ্ছে- না। নারীর ক্ষমতায়নের কথা এখন নানা প্রচারণা, ভিডিও, পোস্টার ও আনুষ্ঠানিক বক্তব্যে দৃশ্যমান; কিন্তু কাগজে-কলমে তৈরি সেই ক্ষমতায়নের চিত্র আর নারীর দৈনন্দিন বাস্তবতার মধ্যে এখনও বিস্তর ফারাক। ঢাকার অনেক একক নারীকে বাসা ভাড়া নেওয়ার আগেই শুনতে হয়-বিয়ে হয়েছে কি না, একা থাকবেন কেন, কখন ফিরবেন, পুরুষ অতিথি আসবেন কি না। ‘ফ্যামিলি ছাড়া বাসা ভাড়া দেওয়া হয় না’- এই প্রচলিত ধারণার আড়ালে মূল মানসিকতা হচ্ছে বিবাহিত নারী তুলনামূলকভাবে গ্রহণযোগ্য, আর একা থাকা নারীকে সন্দেহের যোগ্য। ফলে বাসা ভাড়া নেওয়া শুধু আর্থিক সক্ষমতার বিষয় থাকে না; নারীর ব্যক্তিগত জীবন ও চলাফেরাও সেখানে বিচার্য হয়ে ওঠে।

অর্থাৎ শুধু নারী বাসা ভাড়া পাচ্ছেন কি না, তা নয়। প্রশ্ন হলো-নিজের উপার্জনে একজন প্রাপ্তবয়স্ক নারী কোথায় এবং কীভাবে বসবাস করবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার কি তার আছে? আর এই অধিকারই শেষ পর্যন্ত তার শিক্ষা, কর্মসংস্থান, চলাচল ও অর্থনৈতিক স্বাধীনতার সঙ্গে যুক্ত।

নারীবাদী ভূগোল বহুদিন ধরেই দেখিয়ে আসছে, স্থান কখনোই সম্পূর্ণ নিরপেক্ষ নয়। একটি রাস্তা, একটি বাড়ি, একটি অফিস, একটি বাজার কিংবা একটি শহর নারী ও পুরুষের জন্য একই অভিজ্ঞতা তৈরি করে না। কার চলাচল কতটা স্বাধীন, কে কোন জায়গায় কতক্ষণ থাকতে পারবে, কে কোন জায়গাকে নিরাপদ মনে করবে—এসবের সঙ্গে ক্ষমতা ও সামাজিক সম্পর্ক জড়িয়ে থাকে।

তাই একজন পুরুষের জন্য ভাড়া বাসা খোঁজা যেখানে মূলত অর্থনৈতিক সক্ষমতার প্রশ্ন, একজন একক নারীর ক্ষেত্রে সেটি একই সঙ্গে অর্থনৈতিক, সামাজিক এবং নৈতিক পরীক্ষায় পরিণত হতে পারে।

এখানে আবাসনের সঙ্গে নারীর mobility বা চলাচলের স্বাধীনতার সম্পর্কটিও স্পষ্ট। একটি শহরে বিশ্ববিদ্যালয় আছে, চাকরি আছে, ভালো কর্মসংস্থানের সুযোগ আছে-কিন্তু সেখানে একজন নারীর নিরাপদে থাকার জায়গা নেই। তাহলে সেই শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ তার জন্য কতটা বাস্তব?

একজন মেয়ে যদি নিজ জেলা থেকে ঢাকায় এসে পড়াশোনা করতে চান, কিন্তু বাবা-মায়ের প্রথম প্রশ্ন হয়-‘থাকবে কোথায়? জায়গাটা নিরাপদ তো?’- তাহলে আবাসন সমস্যা তার শিক্ষার সুযোগকেও প্রভাবিত করছে। আবার পড়াশোনা শেষ করে চাকরি করতে চাইলে একই প্রশ্ন নতুন করে ফিরে আসে। শিক্ষাপ্রতিষ্ঠানের হোস্টেলে তখন আর থাকার সুযোগ নেই; কর্মজীবী নারীদের জন্য পর্যাপ্ত আবাসন নেই; আত্মীয়ের বাড়িতে দীর্ঘদিন থাকা সম্ভব নয়; আর একা বাসা ভাড়া নিতে গেলে শুরু হয় নতুন সামাজিক পরীক্ষা।

ফলে একজন নারীকে কখনো কখনো সিদ্ধান্ত নিতে হয়- ক্যারিয়ার নিয়ে এগোবেন, নাকি কোথায় থাকবেন সেই চিন্তায় আটকে থাকবেন? অর্থাৎ আবাসন সংকট সরাসরি নারীর অর্থনৈতিক স্বাধীনতার প্রশ্নে পরিণত হয়।

অমর্ত্য সেন বলেছেন, মানুষের উন্নয়ন শুধু তার কাছে কী সুযোগ বা সম্পদ আছে, তা দিয়ে বিচার করা যায় না; বরং সেই সুযোগকে বাস্তবে কাজে লাগিয়ে সে নিজের পছন্দের জীবন কতটা যাপন করতে পারছে, সেটিই গুরুত্বপূর্ণ। অর্থাৎ কাগজে-কলমে কোনো সুযোগ থাকা এবং সেই সুযোগ গ্রহণ করার বাস্তব সক্ষমতা থাকা এক বিষয় নয়। এই দৃষ্টিকোণ থেকে নারীর আবাসন সংকটকে দেখলে বিষয়টি আরও স্পষ্ট হয়। একজন নারীর জন্য ঢাকায় চাকরির সুযোগ থাকলেই তার অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত হয় না; নিরাপদ ও সাশ্রয়ী আবাসন না থাকলে সেই সুযোগ বাস্তবে গ্রহণ করাই কঠিন হয়ে পড়ে। ফলে আবাসন নারীর সক্ষমতা ও স্বাধীনতা বিকাশের একটি গুরুত্বপূর্ণ পূর্বশর্ত।

শহরে বসবাসের ক্ষেত্রে নারীর অভিজ্ঞতাকে বুঝতে Henri Lefebvre তার ‘Right to the City’ ধারণায় বলেছেন, শহরে থাকার অধিকার শুধু একটি ঠিকানা পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; শহরের সুযোগ-সুবিধা, সম্পদ, জনপরিসর ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অংশ নেওয়ার অধিকারও এর অন্তর্ভুক্ত। এই ধারণার আলোকে একজন নারী শহরে বসবাস করলেই শহরের ওপর তার সমান অধিকার প্রতিষ্ঠিত হয় না। নিরাপদ আবাসনের অভাবে যদি তিনি শিক্ষা বা কর্মসংস্থানের সুযোগ গ্রহণ করতে না পারেন, জনপরিসর ও গণপরিবহন স্বাধীনভাবে ব্যবহার করতে না পারেন, কিংবা নিজের বাসস্থান সম্পর্কেও স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে না পারেন, তাহলে শহরের সুযোগ তার জন্য প্রকৃত অর্থে কতটা উন্মুক্ত- সেটা প্রশ্নবিদ্ধও।

অতএব, নারীর আবাসন সংকট কেবল একটি ঘরের সংকট নয়; এটি সক্ষমতা, স্বাধীনতা, চলাচল এবং শহরের ওপর সমান অধিকারের সংকট।

তবে সমস্যাটি কেবল ব্যক্তিগত বাড়িওয়ালা বা হোস্টেল ব্যবস্থাপনার আচরণে সীমাবদ্ধ নয়। এটি একটি বৃহত্তর নীতিগত ঘাটতিরও প্রতিফলন। কর্মজীবী নারীদের জন্য সরকারি আবাসনের ব্যবস্থা আছে, কিন্তু তার পরিসর এখনও সীমিত। মহিলা বিষয়ক অধিদপ্তরের তথ্য অনুযায়ী বর্তমানে নয়টি কর্মজীবী মহিলা হোস্টেলের মাধ্যমে নিরাপদ ও অস্থায়ী আবাসন সুবিধা দেওয়া হচ্ছে। এত বড় শ্রমবাজারে প্রবেশকারী নারী জনগোষ্ঠীর তুলনায় এই ধরনের আবাসন ব্যবস্থা যথেষ্ট কি না-সেটিই এখন নীতিনির্ধারণের গুরুত্বপূর্ণ প্রশ্ন।

প্রয়োজন হলে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও কর্মজীবী নারীদের আবাসন সহায়তা দিতে উৎসাহিত করা যেতে পারে। বড় প্রতিষ্ঠান, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, শিল্পপ্রতিষ্ঠান কিংবা করপোরেট অফিসগুলোর জন্য কর্মরত নারীদের নিরাপদ আবাসন, পরিবহন বা আবাসন ভাতার ব্যবস্থা একটি কার্যকর নীতিগত উদ্যোগ হতে পারে।

একই সঙ্গে প্রয়োজন ভাড়া বাসার ক্ষেত্রে বৈষম্য কমানোর ব্যবস্থা, নারী ভাড়াটিয়ার অধিকার সম্পর্কে সচেতনতা, নিরাপদ ও মানসম্মত নারী হোস্টেল, সাশ্রয়ী আবাসন এবং অভিযোগ জানানোর কার্যকর ব্যবস্থা। কারণ আবাসনকে যদি শুধু “বাড়ি” হিসেবে দেখি, তাহলে সমস্যার অর্ধেকই দেখতে পাব।

আবাসন হলো নিরাপত্তা। আবাসন হলো ব্যক্তিগত পরিসর। আবাসন হলো শহরে থাকার অধিকার। আবাসন হলো শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ গ্রহণের সক্ষমতা। আবাসন হলো নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা। আর নারীর ক্ষেত্রে এই সবগুলো বিষয় পরস্পরের সঙ্গে যুক্ত।

একজন নারী যখন নিজের পেশাগত পোশাক পরে ভোরে অফিসের গাড়িতে ওঠেন, তখন তার সামনে শুধু কর্মজীবনের একটি দিন শুরু হয় না; তার সঙ্গে শুরু হয় নিজের অর্থনৈতিক স্বাধীনতার আরেকটি দিন। সেই পথের প্রথম দরজাটিই যদি আবাসনের অনিশ্চয়তায় বন্ধ হয়ে যায়, তাহলে নারীকে কর্মক্ষেত্রে সমান সুযোগ দেওয়ার কথাটিও অসত্য।

আজ বিশ্ব বসতি দিবস, আজ ‘কত মানুষের মাথার ওপর ছাদ আছে?’- এই প্রশ্নের সাথে সাথেই ‘সেই ছাদের নিচে কার নিরাপত্তা আছে? কার স্বাধীনতা আছে? কার সিদ্ধান্তের অধিকার আছে? আর কার জন্য একটি ঘর পাওয়াই এখনো সামাজিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো কঠিন কিনা?’ ভেবে দেখা উচিত, উত্তর খোঁজা উচিত। একটি শহর তখনই সত্যিকার অর্থে বাসযোগ্য হবে, যখন সেখানে একজন নারীকে নিরাপদে থাকার জন্য বিবাহিত পরিচয়, পুরুষের উপস্থিতি কিংবা কারও ব্যক্তিগত অনুমোদনের ওপর নির্ভর করতে হবে না। কারণ নারীর জন্য আবাসন কোনো অনুগ্রহ নয়। এটি তার শিক্ষা, কাজ, স্বাধীনতা, নিরাপত্তা এবং মর্যাদার সঙ্গে যুক্ত একটি মৌলিক অধিকার।

লেখক: পরিবেশ ও নারী অধিকারকর্মী

কালবেলা/এসওআর/এমএসকেএম